২৩ বছর পর পাকিস্তানে ফিরছে দক্ষিণ এশীয় গেমস

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ণ
২৩ বছর পর পাকিস্তানে ফিরছে দক্ষিণ এশীয় গেমস

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৩ বছরের বিরতি কাটিয়ে আবারও দক্ষিণ এশীয় গেমস (এসএ গেমস) আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল আঞ্চলিক এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সাউথ এশিয়া অলিম্পিক কাউন্সিলের নির্বাহী কমিটির এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দক্ষিণ এশীয় অলিম্পিক কমিটির ও পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সভাপতি আরিফ সাঈদ। সভায় আসরটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি আয়োজক শহর হিসেবে ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারের নাম অনুমোদন দেওয়া হয়।

উক্ত বৈঠকে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন এবং ভারতের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সভায় প্রস্তাবিত তারিখ ও ভেন্যুর বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা একমত পোষণ করেছেন।

আসন্ন এই ক্রীড়া আসরে ২৮টি ভিন্ন খেলায় মোট ৩৪৬টি পদক ইভেন্ট অন্তর্ভুক্ত থাকছে। তিনটি আয়োজক শহরে ৩,২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ এবং কারিগরি কর্মকর্তা অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিদেশি অতিথি ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ৪,০০০ দর্শনার্থীকে আতিথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সরকার। ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) এবং দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে আন্তর্জাতিক অতিথিদের আবাসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে পাকিস্তানে এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারী ও বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার কারণে তা বারবার পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর এই সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ এশীয় ক্রীড়াঙ্গনে আবার নতুন আমেজ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন