লেবাননে স্থল অভিযান এগিয়ে নিতে নেতানিয়াহুর নতুন নির্দেশ

প্রকাশ: রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
লেবাননে স্থল অভিযান এগিয়ে নিতে নেতানিয়াহুর নতুন নির্দেশ

নেতানিয়াহু চান এই এলাকা ইসরাইলের দখলে থাকুক। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সেনাবাহিনীকে লেবাননে স্থল অভিযান আরও এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই নতুন সামরিক নির্দেশ ও বক্তব্য নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননের বেউফোর্ট ক্যাসেল এলাকায় ইসরাইলি বাহিনীর নতুন অবস্থান বজায় থাকবে। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলটি ভবিষ্যতে ইসরাইলের একটি সম্প্রসারিত ‘নিরাপত্তা জোন’-এর অংশ হতে পারে। এই নিরাপত্তা জোন পরিকল্পনাটি নিয়ে ইসরাইল দীর্ঘদিন ধরেই আলোচনা করে আসছে।

ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ লেবানন থেকে আসা ড্রোন হামলা এবং রকেট আক্রমণ কমিয়ে আনা। ইসরাইলের দাবি, এসব ড্রোন ও রকেট হামলা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্ত।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর এই নতুন সামরিক কৌশল নিয়ে সন্দেহ ও বিতর্ক প্রকাশ করেছেন সামরিক বিশ্লেষকরা। তাঁদের মতে, কেবল দক্ষিণ লেবাননে স্থল সেনা মোতায়েন বাড়িয়েই ড্রোন হামলা কার্যকরভাবে কমানো কঠিন হতে পারে। কারণ এসব ড্রোন প্রযুক্তিগতভাবে ভিন্নভাবে পরিচালিত হয় এবং দূরবর্তী স্থান থেকেও এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই পরিস্থিতিতে লেবানন সীমান্তে ইসরাইলের এই সামরিক কৌশল কতটা সফল হবে—তা নিয়ে খোদ ইসরাইলের ভেতরেই রাজনৈতিক ও সামরিক মহলে ক্রমেই আলোচনা ও সমালোচনা বাড়ছে।

মন্তব্য করুন