অনলাইন ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
আজ রোববার (৩১ মে) রাজধানীর বেইলি রোডে অবস্থিত মন্ত্রীর সরকারি বাসভবনে এই ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠান চলাকালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের ঈদের আনন্দের অভিজ্ঞতা শোনেন। এ সময় তিনি ব্যক্তিগতভাবে সকল শিশুকে নিজ হাতে আপ্যায়ন করানোর পাশাপাশি তাদের জন্য মৌসুমি ফলসহ বিশেষ খাবারের ব্যবস্থা করেন। মন্ত্রীর এমন আন্তরিক স্নেহ ও আপ্যায়নে উপস্থিত শিশুরা গভীর উচ্ছ্বাস প্রকাশ করে এবং দিনটি তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে জানায়।
শিশুদের উদ্দেশে মন্ত্রী বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক আয়োজন অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানটিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ मंत्रालয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।