ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ: হরমুজ প্রণালি নিয়ে আপস করবে না ইরান

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ: হরমুজ প্রণালি নিয়ে আপস করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান।

সম্প্রতি ওয়াশিংটন সফর শেষে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেহরান সফরে গিয়ে ট্রাম্পের এই বার্তাটি ইরানি শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি'-র নিয়ন্ত্রণ ও বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো স্পষ্ট কাঠামো না থাকায় চুক্তিটিতে অনাগ্রহ প্রকাশ করেছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর বরাতে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে আল-জাইদি তেহরানে গিয়ে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। সেখানে ট্রাম্পের যুদ্ধবিরতির রূপরেখা উপস্থাপন করা হয়।

ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মার্কিন প্রস্তাবে কোনো স্থায়ী সমাধান নেই। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণ বিতর্ক বাদ দিয়ে কোনো অস্থায়ী বা সাময়িক যুদ্ধবিরতিতে যেতে রাজি নয় ইরান সরকার।

বৈঠক শেষে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, "সমস্যা মূলত কোনো যুদ্ধবিরতি প্রস্তাব বা নথিতে নয়, মূল সমস্যা হলো যুক্তরাষ্ট্রের অযৌক্তিক, আধিপত্যবাদী এবং অতিরিক্ত চাপ প্রয়োগের একপেশে নীতি। ইসলামিক রিপাবলিক অফ ইরান সব সময় এমন নীতিকে দৃঢ়তার সাথে প্রতিরোধ করে এসেছে।"

গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি একাধিক রেলপথ, সেতু, বিমানবন্দর ও সমুদ্রবন্দরের মতো অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যাপক হামলা চালায়।

ইরানি সরকারের দুই শীর্ষ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বা ভূখণ্ডে আর কোনো বড় ধরনের হামলা চলায়, তবে সংঘাতের পরিধি আরও ব্যাপক আকার ধারণ করবে। সেক্ষেত্রে তেল আবিবে সরাসরি আক্রমণ তীব্র করার পাশাপাশি ইয়েমেনের মিত্র হুথি গোষ্ঠীর সহায়তায় লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিও সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে ইরান।

মন্তব্য করুন