ইরানের সঙ্গে যুদ্ধে টালমাটাল অর্থনীতি: সপ্তাহে ৯ বিলিয়ন শেকেল হারাচ্ছে ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধে টালমাটাল অর্থনীতি: সপ্তাহে ৯ বিলিয়ন শেকেল হারাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে প্রতি সপ্তাহে ইসরায়েলের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ বিলিয়ন শেকেল। মার্কিন ডলারের হিসেবে যা ৩ বিলিয়ন ডলারের কিছু বেশি।

অর্থনৈতিক বিপর্যয়ের কারণ গত শনিবার থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। জবাবে ইসরায়েল অভিমুখে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ এবং লেবানন ও ইয়েমেন থেকে হিজবুল্লাহ-হুথিদের আক্রমণের মুখে ইসরায়েলে ‘রেড লেভেল’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে দেশটিতে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয়েছে, যা সরাসরি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সতর্কতা শিথিলের পরিকল্পনা ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যদি পরিস্থিতির উন্নতি ঘটে এবং সতর্কতা ‘রেড লেভেল’ থেকে কমিয়ে ‘অরেঞ্জ লেভেল’-এ আনা যায়, তবে সাপ্তাহিক ক্ষতির পরিমাণ ৪.৩ বিলিয়ন শেকেলে নেমে আসতে পারে। কারণ ‘অরেঞ্জ লেভেল’-এ কর্মক্ষেত্রে যাতায়াতের ওপর বিধিনিষেধ কিছুটা শিথিল থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট স্থানে ইরানের ধারাবাহিক হামলার কারণে এই ক্ষতি কমানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন