ব্রাজিলের নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
ব্রাজিলের নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক: ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী রাজনৈতিক অভিভাবক লুইজ ইনাসিও লুলা দা সিলভার ঐতিহাসিক বিজয়ে নিজের তীব্র অসন্তোষ ও বিরক্তি গোপন করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত সোমবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ব্রাজিলের এই নির্বাচন ছিল চরম কারচুপিযুক্ত এবং অত্যন্ত দুর্নীতিগ্রস্ত।

গত রোববার অনুষ্ঠিত চূড়ান্ত প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী মিত্র ফ্লাভিও বলসোনারো নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে ভোট বাতিলের দাবি উত্থাপন করেন। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ওয়াশিংটন ত্যাগ করার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমার কাছে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ভয়াবহ বলে মনে হয়েছে।" তিনি আরও যোগ করে বলেন, "আমি সরাসরি কোনো পক্ষ নিইনি। তবে সত্যি বলতে এটি আরেকটি কারচুপির নির্বাচন বলেই আমার প্রতীয়মান হয়েছে, যা বিশ্বদরবারে অত্যন্ত খারাপ নজির গঠন করল।"

যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বলসোনারো পরিবারের সাথে ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ সর্বজনবিদিত। ওয়াশিংটনের সাথে কৌশলগত সম্পর্ক নিবিড় করার প্রতিশ্রুতি দেওয়া ফ্লাভিও বলসোনারোর বিজয় ট্রাম্প প্রশাসন সরাসরি প্রত্যাশা করছিল।

নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প বিশেষ করে ভোটগ্রহণের শেষ মুহূর্তে সময় বাড়ানোর সিদ্ধান্তকে ইঙ্গিত করেন। লুলার আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির প্রত্যন্ত অঞ্চলের পরিবহন সমস্যা সমাধানের লক্ষ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু শহরে ভোটগ্রহণের সময় ২ ঘণ্টা বাড়ানো হয়, যার পরেই বলসোনারো কারচুপির অভিযোগ আনেন। ট্রাম্প মন্তব্য করেন, "যেভাবে ভোট গণনা করা হয়েছে এবং শেষ মুহূর্তে সময় বাড়ানো হয়েছে, তা দেখতে খুবই বাজে লেগেছে।"

তবে ব্রাজিলের এই ফলাফলের পর যুক্তরাষ্ট্র নিজে থেকে সরাসরি কোনো হস্তক্ষেপমূলক পদক্ষেপ নেবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বিষযটি কিছুটা এড়িয়ে গিয়ে বলেন, "আমি ব্রাজিলের হয়ে নির্বাচন লড়ছি না, আমি আমেরিকার স্বার্থে কাজ করছি।" একই সাথে লুলার প্রতি ব্যক্তিপর্যায়ে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করলেও, লাতিন আমেরিকার ডানপন্থী রাজনীতির পক্ষে সাফাই গান তিনি। বিগত জানুয়ারিতে ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোকে অপসারণের মার্কিন সামরিক অভিযানের উদাহরণ টেনে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন যে, দক্ষিণ আমেরিকার রাজনীতিকে তিনি ডানপন্থার ধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।

সকালবেলা / নুসরাত