‘অমর প্রেম’ নাটকে ফিরেই তৌসিফের প্রশংসায় ভাসলেন পার্থ শেখ
বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রায় সাত মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ক্যামেরার সামনে হাজির হয়েছেন তরুণ সময়ের সম্ভাবনাময় অভিনেতা পার্থ শেখ। তাঁর অভিনীত নতুন নাটক ‘অমর প্রেম’ প্রচারের পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।
জাহিদুল ইসলাম সুজন পরিচালিত নাটকটি প্রকাশের মাত্র এক দিনের ব্যবধানে ১৮ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে বিয়ের পর ব্যক্তিগত জীবনের কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন পার্থ শেখ। এবার নিজের 'দ্বিতীয় ইনিংস' শুরু করেই নতুন উদ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
পার্থের এমন দুর্দান্ত প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় খো
লাখুলি প্রশংসা করেছেন ছোট পর্দার জনপ্রিয় ও প্রতিষ্ঠিত অভিনেতা তৌসিফ মাহবুব।
নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পার্থ শেখের একটি ছবি শেয়ার করে তৌসিফ মাহবুব লেখেন, “পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, অফুরান ভালোবাসা আর তোমার প্রাপ্য সব করতালি।”
কেবল তৌসিফ মাহবুবই নন, ছোট পর্দার একাধিক জ্যেষ্ঠ নির্মাতা ও অভিনয়শিল্পীও পার্থের সাবলীল অভিনয় এবং কাজে ফেরার প্রশংসা করেছেন। সিনিয়রদের এই নিঃশ্বার্থ ভালোবাসা ও পরামর্শকে ক্যারিয়ারের বিশাল প্রাপ্তি হিসেবে দেখছেন পার্থ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পার্থ শেখ বলেন, “তৌসিফ ভাই খুবই আন্তরিক ও হৃদবান একজন মানুষ। সিনিয়র শিল্পীদের এমন দু-একটি ভালোবাসার কথা আমাদের মতো জুনিয়রদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। আমার এই প্রত্যাবর্তনকে যারা উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
দীর্ঘদিন পর কাজে ফেরার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, “বিয়ের কারণে সাত মাসের মতো কাজ থেকে দূরে ছিলাম। ফিরেই দর্শকদের এত এত ভালোবাসা পাচ্ছি যা সত্যিই অপ্রত্যাশিত ও আনন্দদায়ক। এখন ভুলত্রুটি শুধরে নিয়মিত মনোযোগের সঙ্গে কাজ করে যেতে চাই।”
পার্থ শেখ জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন একক নাটকের ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। পাশাপাশি খুব শিগগিরই নামজাদা নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি নতুন ওয়েব ফিল্মেও দর্শকদের সামনে হাজির হবেন তিনি।
|