এখানে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই : মিম

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ণ
এখানে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই : মিম

বিনোদন ডেস্ক: সম্পর্ক, দায়িত্ব ও ভালোবাসার টানাপোড়েনের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিনেমা ‘লাইফলাইন’। নির্মাতা কাজী আসাদের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা ও আবেগ নিয়ে কথা বলেছেন এই তারকা।

সিনেমার গল্পের সঙ্গে নিজের বাস্তব জীবনের গভীর মিল খুঁজে পাচ্ছেন মিম। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “গল্পের বিষয়ে যদি বলি, এখানে যা দেখানো হয়েছে, আমার জীবন এমনই। আমি আমার মা-বাবার সঙ্গে খুব বেশি কানেক্টেড। এখন এমন একটা অবস্থা যে, আমাদের বাবা-মায়ের বয়স বাড়ছে, তাদের অসুস্থতা বা শারীরিক অবস্থার পরিবর্তনের সঙ্গে আমাদের যে জার্নি—সেটি সিনেমার গল্পের সঙ্গে মিলে যায়।”

মিম জানান, সিনেমাটির শুটিং হয়েছিল কুয়াকাটার বেশ দুর্গম কিছু এলাকায়। শুটিংয়ের শুরুর দিকে লোকেশন নিয়ে সংশয় থাকলেও পরবর্তীতে নির্মাতা কাজী আসাদের দূরদর্শিতার প্রশংসা করেন মিম। তিনি বলেন, “আমরা এমন সব জায়গায় শুটিং করেছি যেখানে গাড়ি যাওয়ার সুযোগ ছিল না। বাইক বা ভ্যানে করে পৌঁছাতে হয়েছে। লোকেশনগুলো দেখার পর আমি পরিচালককে বলেছিলাম, আমাদের গল্পের জন্য ঠিক এমন জায়গাই প্রয়োজন ছিল।”

চরকির সঙ্গে এটিই মিমের প্রথম কাজ। কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “এই টিমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। চরকির সাথে এটাই আমার প্রথম কাজ এবং খুব সুন্দর একটি গল্প দিয়ে যাত্রা শুরু করতে পেরে আমি আনন্দিত।”

সিনেমাটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন রিজওয়ান পারভেজ। মিম জানান, সহশিল্পীর সহযোগিতা ও পুরো টিমের সমন্বয়ে কাজ করাটা বেশ সহজ ও আনন্দদায়ক ছিল।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন