মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহা জাদু’ দেখে অবাক হাবিব ওয়াহিদ
বিনোদন প্রতিবেদক: আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মুহূর্তে স্থান করে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় গান ‘মহা জাদু’। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গানটি ব্যবহৃত হয়েছে। এই অর্জনে উচ্ছ্বসিত সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক, মধ্যাহ্নভোজসহ সফরকালীন নানা আনুষ্ঠানিক মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিওটির বিশেষ আকর্ষণ হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহা জাদু’। লোককবি খোয়াজ মিয়ার লেখা গানটিতে নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই এবং তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তম।
নিজের গানকে এমন উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় ভিডিওতে দেখে বিস্মিত ও আনন্দিত হাবিব ওয়াহিদ। তিনি বলেন, “ঘুম থেকে উঠে দেখি অনেকেই আমাকে লিংক পাঠিয়েছেন। কৌতূহল নিয়ে ক্লিক করে দেখি দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার গান। আমি ভীষণ অবাক এবং সম্মানিত বোধ করছি। এটি আমার ক্যারিয়ারের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক।”
হাবিব আরও জানান, বিষয়টি নিয়ে আগে থেকে তার কোনো ধারণাই ছিল না। ফেসবুকের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকায় হঠাৎ এমন একটি ভিডিও দেখে তিনি রীতিমতো চমকে গেছেন। বাংলাদেশের একটি গান আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে এমন সম্মানের সাথে স্থান পাওয়ায় এটিকে দেশের সংগীত শিল্পের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন অনেকেই।
জান্নাত সকালবেলা
|