ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আলমুক্তাদির। ফুটবলকে ঘিরে বাঙালির আবেগ ও উন্মাদনাকে ফ্রেমবন্দি করে তিনি তৈরি করেছেন নতুন ফুটবল অ্যান্থেম ‘কান্ডারি চল’।

‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর ব্যানারে নির্মিত এই গানটি কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের প্রতি উৎসর্গ করা। গানটিতে ব্রাজিলিয়ান ‘বাইলে ফাঙ্ক’-এর আধুনিক বিটের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী দোতারার সুরের এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছেন আনন্দ শিকদার। এই সংমিশ্রণটি গানটিতে যেমন গ্লোবাল ফিল দিয়েছে, তেমনি মাটির টানও অক্ষুণ্ণ রেখেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা—মিলা, পান্থ কানাই, বাম্মি ও সানজারা। সেই সঙ্গে যুক্ত হয়েছেন নাইজেরিয়ান শিল্পী ওলি বয় এবং বাংলাদেশি হিপহপ তারকা ব্ল্যাক জ্যাং। টাইগার চৌধুরী, মাহবুব মোরশেদ (শিহাব), ওলি বয় এবং ব্ল্যাক জ্যাংয়ের যৌথ কথায় সাজানো হয়েছে এই ট্র্যাকটি।

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস। নির্মাতাদের মতে, বাংলাদেশে ফুটবল কেবল মাঠের খেলা নয়; এটি পাড়ার গলি, ছাদের আড্ডা আর চায়ের দোকানের উত্তপ্ত তর্কের সমার্থক। বিশ্বমঞ্চে ফুটবলের এই আনন্দময় উদযাপনে ‘কান্ডারি চল’ যেন ফুটবলপ্রেমীদের হৃদয়ের স্পন্দনকে আরও জোরালো করে তুলবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন