বিয়ে করছেন অনিরুদ্ধ ও কাব্যা মারান

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
বিয়ে করছেন  অনিরুদ্ধ ও কাব্যা মারান

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারান আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে চলা প্রেমের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরেই তাঁদের চার হাত এক হতে চলেছে।

যদিও বর-কনের পরিবার থেকে মূল বিয়ের অনুষ্ঠান কোথায় বা কত তারিখে হবে সে তথ্য আনুষ্ঠানিকভাবে গোপন রাখা হয়েছে, তবে আগামী ২১ নভেম্বর ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে তাঁদের বিয়ের জমকালো সংবর্ধনা (রিসেপশন) আয়োজিত হবে।

বিনোদন জগত ও ক্রীড়াঙ্গনের এই দুই হাই-প্রোফাইল তারকার বিয়ে সংবর্ধনার বিষয়টি প্রকাশ্যে আসে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) একটি বিশেষ বার্তার মাধ্যমে।

তিনি জানান, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তাঁর স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তাঁর সরকারি বাসভবনে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন এবং তাঁদের কন্যা কাব্যা মারানের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণের পর থেকেই ভারতীয় গণমাধ্যম ও নেটপাড়ায় অনিরুদ্ধ ও কাব্যার বিয়ের খবরটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

অনিরুদ্ধ ও কাব্যার প্রেমের সম্পর্ক নিয়ে ২০২৫ সাল থেকেই সংবাদমাধ্যমে গুঞ্জন চলছিল। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে একটি পোস্টের মাধ্যমে দাবি করা হয়েছিল যে, তারা সম্পর্কে জড়িয়েছেন এবং দুই পরিবার বিয়ের ব্যাপারে আলোচনা করছে। শুরুতে রসিকতা করে অনিরুদ্ধ গুঞ্জন উড়িয়ে দিলেও সময়ের সঙ্গে আলোচনা স্তিমিত হয়নি।

পরবর্তীতে ২০২৬ সালের জুন মাসে অনিরুদ্ধের নিকটাত্মীয় প্রখ্যাত অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছিলেন যে, অনিরুদ্ধ একটি নামজাদা পরিবারে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং বিয়েটি একেবারেই পাকা।

৩০ পেরোনো কাব্যা মারান ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী কালানিথি মারানের কন্যা এবং বিখ্যাত মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট কনগ্লোমারেট ‘সান গ্রুপ’-এর উত্তরাাধিকারী। তিনি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের দল পরিচালনা ও সিইও হিসেবে দীর্ঘদিন ধরে তুমুল পরিচিতি কুড়িয়েছেন।

অন্যদিকে ৩৩ বছর বয়সী অনিরুদ্ধ রবিচন্দর আধুনিক তামিল ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ সংগীত পরিচালক। বৈশ্বিক হিট গান 'হোয়াই দিিস কোলাভেরি ডি' দিয়ে ক্যারিয়ার শুরু করে 'জাওয়ান', 'জেলর', 'বিক্রম' ও সাম্প্রতিক সময়কালের অসংখ্য ব্লকবাস্টার চলচ্চিত্রের সুর ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পুরো ভারতে সাড়া ফেলেছেন তিনি।

সংবর্ধনার নিশ্চিত খবরের পর এখন কেবল তাঁদের মূল বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছেন ভক্ত অনুরাগীরা।