পরীমনির সাথে সম্পর্কের জেরে অবসরে এডিসি সাকলায়েন
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই গুরুদণ্ড কার্যকর করা হয়। বর্তমানে তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে পরীমণিকে নিয়ে সময় কাটানো এবং জন্মদিন উদযাপনের মতো ঘটনায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে ওঠা অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২১ সালের ৯ জুন ঢাকা বোট ক্লাবে নির্যাতনের অভিযোগে পরীমণি যে মামলা করেছিলেন, তার তদন্ত কর্মকর্তা ছিলেন তৎকালীন ডিবির এডিসি গোলাম সাকলায়েন। তদন্তের সূত্র ধরেই তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ২০২১ সালের ১ আগস্ট সাকলায়েনের সরকারি বাসভবনে পরীমণির যাতায়াতের সিসিটিভি ফুটেজ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এরপর তাকে ডিবি থেকে বদলি এবং তদন্ত কমিটি গঠন করা হয়।
দীর্ঘদিন ধরে চলা এই সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে পরীমণি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। ২০২৪ সালের ২৫ জুন এক সাক্ষাৎকারে তিনি সাকলায়েনকে নিয়ে বলেছিলেন, “সাকলায়েনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার।” তৎকালীন সময়ে তিনি আরও বলেছিলেন, তাদের সম্পর্কটি মানুষের কাছে পরিষ্কার নয় এবং এই বিষয়টি নিয়ে তাকে বা সাকলায়েনকে সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে সাম্প্রতিক প্রজ্ঞাপনের পর এই বিতর্কিত সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনার শীর্ষে উঠে এসেছে।
দীর্ঘ তদন্ত ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরামর্শের পর অবশেষে চূড়ান্ত শাস্তি হিসেবে পুলিশের এই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
জান্নাত সকালবেলা
|