জন্মদিনে হারিয়ে যাওয়া চিত্রনায়িকা সাহারা
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত নায়িকা সাহারা আজ ১৯ জুন নিজের জন্মদিন পালন করছেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালে হঠাৎ করেই রূপালি জগত থেকে নিজেকে সরিয়ে নেওয়া এই অভিনেত্রী এখন ভক্তদের কাছে কেবলই এক সোনালী অতীত।
পরিচালক শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল রুনার, যিনি চলচ্চিত্রে ‘সাহারা’ নামে পরিচিতি পান। ক্যারিয়ারের শুরুতে পরপর দুটি চলচ্চিত্র ফ্লপ হলেও তিনি দমে যাননি। আলেকজান্ডার বো-এর সঙ্গে জুটি বেঁধে ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’-এর মতো অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করে দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিলেন তিনি। বিশেষ করে ‘অর্ডার’ সিনেমার ‘চন্দ্রিমা’ গানটিতে তার সাহসী উপস্থিতি তাকে দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
ঢালিউডের শীর্ষ নায়ক রিয়াজ ও রুবেলের সঙ্গে ‘বিষাক্ত চোখ’-এর মতো বড় বাজেটের ছবিতে তার অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে তিনি সাফল্যের চূড়ায় অবস্থান করেছিলেন।
২০১৫ সালের জুলাই মাসে ‘ঢাকা টু বোম্বে’ সিনেমার প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাহারা। বিয়ের পরই পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি অভিনয় জগত থেকে চিরতরে বিদায় জানান।
বর্তমানে স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাহারা। রুপালি পর্দার ঝলকানি বা তারকাদের আড্ডা—সবকিছু থেকেই নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন তিনি। দীর্ঘ বহু বছর ধরে মিডিয়ায় তার কোনো দেখা মেলেনি। তবে জন্মদিনে এখনো অনেক ভক্ত-অনুরাগী তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন।
জান্নাত সকালবেলা
|