ঢাকায় গোপন ইয়াবা কারখানার সন্ধান, আটক ৪

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
ঢাকায় গোপন ইয়াবা কারখানার সন্ধান, আটক ৪

স্টাফ রিপোর্টার: রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে গোপন আস্তানায় তৈরি করা অভিনব এক নকল ইয়াবা কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। মিয়ানমার কিংবা সীমান্তপথের চালানের ওপর নির্ভর না করে ঘরোয়া উপায়ে ক্ষতিকর রাসায়নিকের পাউডার দিয়ে তৈরি করা হতো এসব প্রাণঘাতী ট্যাবলেট। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, কাঁচামাল ও ম্যানুয়াল তৈরি প্রেস মেশিনসহ চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুরে কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালিয়ে চক্রটিকে হাতেনাতে আটক করে র‍্যাব-১০-এর সদর কোম্পানির একটি দল।

অভিযানে উদ্ধার করা হয় প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯৬৮ পিস নকল ইয়াবা ট্যাবলেট, ট্যাবলেট তৈরির বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল পাউডার, ডায়াস ও ম্যানুয়াল প্রেস মেসিন, ৫টি মোবাইল ফোন এবং ১টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র।

আটক ব্যক্তিরা হলেন— চক্রের মূল হোতা বংশাল এলাকার মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মোহাম্মদপুরের মো. আলী আরমান (৩৬), সাভারের মো. শাহজাহান (৪০) এবং আদাবরের সোনিয়া (৩০)।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা জানান, সীমান্তপথে মাদক চোরাচালানে কড়াকড়ি বাড়ায় চক্রটি কম খরচে ঘরে বসেই রাসায়নিক মিশ্রণে ক্ষতিকর এই ট্যাবলেট বানিয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। আটককৃত আলমগীর একজন চিহ্নিত মাদক কারবারি; তাঁর বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের পেছনে অন্য কোনো গডফাদার কিংবা কেমিক্যাল সরবরাহকারী রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন