দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২
সকালবেলা ডেস্ক: রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সমিতির দুই কর্মচারী আহত হয়েছেন।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল পৌনে ৫টার দিকে রাজউক অ্যাভিনিউয়ে অবস্থিত সমিতির কার্যালয়ে এই সংঘাতের ঘটনা ঘটে।
মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন খবরটির সত্যতা নিশ্চিত করে জানান, হকার্স সমিতির কার্যালয়ের সামনে গোলাগুলির সংবাদ পেয়েই মতিঝিল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল হঠাৎ কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ে ঢুকে দু-রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং ভেতরে ব্যাপক লুটপাট চালায়।
এ সময় কার্যালয়ের দায়িত্বে থাকা দুই কর্মচারী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের এলোপাতাড়ি লাঠিপেটা করে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
এআইএল/সকালবেলা
|