ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শান্তিনগরে অবস্থিত ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের বেজমেন্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট তীব্র স্পার্কিং ও অগ্নিকাণ্ডে চারজন মার্কেট কর্মচারী গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাত বারোটার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আজ বুধবার (২০ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিকসার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, “মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ের ফলে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তাদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরীরের অবস্থা বিবেচনা করে দুজনকে আমরা আইসিইউ বা সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি দিয়েছি। আর বাকি দুজনকে জরুরি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে (অবজারভেশন) রাখা হয়েছে। চিকিৎসাধীন এই চারজনেরই ‘ইনহেলেশন বার্ন’ বা শ্বাসনালী পুড়ে গেছে। ফলে কাউকেই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী রনি সাংবাদিকদের জানান, আহতরা সবাই শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের বিভিন্ন দোকানের কর্মচারী হিসেবে কর্মরত আছেন। গত রাতে মার্কেটের বেজমেন্টে কাজ করার সময় হঠাৎ একটি বৈদ্যুতিক প্যানেল বা তারে শর্ট সার্কিট হয়ে বিকট শব্দে স্পার্কিং হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা চারজন গুরুতর দগ্ধ হন। পরে আমরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

জান্নাত সকালাবেলা

মন্তব্য করুন