কারমাইকেল কলেজ প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
আবু রায়হান, রংপুর ব্যুরো: 'উত্তরবঙ্গের অক্সফোর্ড' খ্যাত শতবর্ষী কারমাইকেল কলেজে শিক্ষার মানের অবনতি, উচ্চমাধ্যমিকের ফরম পূরণে অনিয়ম, নানা খাতে আর্থিক দুর্নীতি ও ৩৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুহাফিজ মোস্তফা ও আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হক মাসুম।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, টেস্ট পরীক্ষায় চার থেকে ছয় বিষয়ে অকৃতকার্য কয়েকজন শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে বোর্ড পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। প্রতিজনের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা। অন্যদিকে অন্তত ৪৩ জন অসচ্ছল ও সাধারণ শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি পরীক্ষা না দিয়েই কয়েকজনকে উত্তীর্ণ দেখানোর অভিযোগও তোলা হয়।
এছাড়া অনার্স ও মাস্টার্স পর্যায়ে তীব্র শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাস না হওয়া, ঘাস কাটার নামে ১৫ লাখ টাকা ব্যয়, লাইব্রেরি, ক্রীড়া ও আইসিটি খাতের লাখ লাখ টাকার বরাদ্দের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজ প্রশাসনের কাছে ৩৭ দফা দাবি জানানো হলেও তার একটিও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়নি।
সংবাদ সম্মেলন থেকে আগামী ২৮ জুলাই সকাল ১১টার মধ্যে এসব সমস্যা সমাধানের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে হাফিজুল ইসলাম, সুলতানুর রিফাত, রবিউল ইসলামসহ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|