স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতার প্রতিষ্ঠানে আগুন

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতার প্রতিষ্ঠানে আগুন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির এবং আলফা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে।

সোমবার সকালে ভান্ডারপুর এলাকায় অবস্থিত ‘আলফা কিন্ডারগার্টেন’ স্কুলে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়েন।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। এই সুযোগে ওই ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান প্রধান শিক্ষক কাজী দিপু। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে স্বজনদের ঘটনা জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত শিক্ষক দ্রুত গা-ঢাকা দেন।

আজ মঙ্গলবার সকালে ক্ষুব্ধ জনতা, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ঘটনার বিচার দাবিতে স্কুল ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সাথে বিক্ষুব্ধ জনতা ভান্ডারপুর চারমাথা এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা ঘটনায় জড়িত শিক্ষকের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বেও নারীঘটিত নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি প্রতিষ্ঠানটির অনুমোদন বাতিলসহ অভিযুক্তের উপযুক্ত শাস্তি দাবি করেন।

খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনি এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে আইনি পদক্ষেপের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

অভিযুক্ত শফিউল আলম দিপুর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম জানান, বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বদলগাছী থানার ওসি জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন