২০২৬ সালের প্রাথমিকে বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক: চলতি ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি ও বিষয়ভিত্তিক চূড়ান্ত রুটিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে চার দিনব্যাপী এই পরীক্ষার সূচি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ ডিসেম্বর (রবিবার) থেকে দেশজুড়ে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হবে এবং আগামী ২৩ ডিসেম্বর (বুধবার) পরীক্ষা সম্পন্ন হবে। নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রকাশিত রুটিন অনুযায়ী বিষয়ভিত্তিক সময়সূচি:২০ ডিসেম্বর (রবিবার): বাংলা ,২১ ডিসেম্বর (সোমবার): ইংরেজি , ২২ ডিসেম্বর (মঙ্গলবার): প্রাথমিক গণিত, ২৩ ডিসেম্বর (বুধবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক ও মানসিক প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের মূল পরীক্ষার নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির বিশেষ সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আবশ্যক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।