ইবির মেয়েদের গোপন ছবি প্রবাসী প্রেমিকের কাছে, ছাত্রী বরখাস্ত

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
ইবির মেয়েদের গোপন ছবি প্রবাসী প্রেমিকের কাছে, ছাত্রী বরখাস্ত

তাছনিম আলম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয় ছবি অজান্তে সংগ্রহ করে প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে তুবাউল জান্নাত ঐশী নামের এক ছাত্রীকে হল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে ঘটনাটির তদন্তে তিন সদস্যের কমিটি গঠন ও অভিযুক্ত ছাত্রীর দুটি ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আটককৃত ও বরখাস্ত হওয়া শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী।

ভুক্তভোগী ও রুমমেট শিক্ষার্থীদের অভিযোগ, হলে অবস্থানরত অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রীর ব্যক্তিগত ছবি তাঁদের না জানিয়ে গোপনে সংগ্রহ করে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির কাছে পাঠাতেন ঐশী। সম্প্রতি উক্ত প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হলে সেই প্রবাসী ছবিগুলো কয়েকজন শিক্ষার্থীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার মধ্যরাতে বিষয়টি জানাজানি হলে আবাসিক শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

শিক্ষার্থীদের দাবি, এতে অনেকের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে পড়েছে। পর্যাপ্ত প্রমাণাদি ইতিমধ্যে তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী জানান, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে হল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং প্রক্টর ও সংবাদকর্মীদের উপস্থিতিতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলা বিভাগের অধ্যাপক ড. আরিফা আক্তারকে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জবানবন্দি ও তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত ব্যবস্থা নেবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিষয়টি উপাচার্য মহোদয়কে অবগত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে সত্যতা মিললে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিজের অপরাধের কথা আংশিক স্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশী জানান, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি তিনি মেনে নিচ্ছেন, তবে তাঁর শিক্ষাজীবন ও ক্যরিয়ারের দিক বিবেচনা করে প্রাতিষ্ঠানিক বহিষ্কার না করার আকুতি জানান।

এআইএল/সকালবেলা