ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগের লক্ষ্যে অব্যাহতিপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, উপাচার্য ড. নিয়াজ আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বরাবর তাঁর অব্যাহতিপত্র জমা দিয়েছেন। তিনি ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে এই পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার পর সরকার যেদিন থেকে এটি কার্যকর করবে, সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বমুক্ত হবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্যের চিঠিতে পদত্যাগের পরিবর্তে 'অব্যাহতিপত্র' শব্দটি উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মানুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে গত বছর ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন