আচরণ না বদলালে গ্রিন ক্যাম্পাস সম্ভব নয়: কুবি উপাচার্য
বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি: “গ্রিন ক্যাম্পাস গড়তে শুধু বাজেট নয়, সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের আচরণের পরিবর্তন,” এমন মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হলরুমে নৃবিজ্ঞান বিভাগের সংগঠন 'এন্থ্রোপলোজি সোসাইটি' আয়োজিত নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, “পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে বড় কোনো প্রকল্পের চেয়ে ছোট ছোট অভ্যাসগত পরিবর্তনই বেশি কার্যকর। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে একটি ভবন বা নির্দিষ্ট স্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ শুরু করা যেতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যেও যেটুকু সম্ভব, সেটুকু দিয়েই কাজ শুরু করতে হবে। আমরা যদি একটি ভবনে প্লাস্টিকের বোতল বা পলিথিনের ব্যবহার বন্ধ করতে পারি, তবে ধীরে ধীরে সেই সংস্কৃতি পুরো ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়া সম্ভব।”
পরিবেশ সংরক্ষণে সবার অংশীদারত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, “এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়; শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সত্যিকারের গ্রিন ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।”
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে তিনি যোগ করেন, “আমরা হয়তো একদিনেই 'সেন্টার অব এক্সিলেন্স' হতে পারব না, তবে আজ থেকেই ছোট ছোট ইতিবাচক উদ্যোগ নিলে ভবিষ্যতে কুবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা সম্ভব।”
এআইএল/সকালবেলা
|