সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্র বহিষ্কার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্র বহিষ্কার

বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে স্ব-স্ব বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি জানান, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাঁর কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শর্ত ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

সহকারী প্রক্টর আরও জানান, "ঘটনার পর প্রক্টর অফিস শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীকে বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়। মানবিক ও প্রশাসনিক উভয় দিক বিবেচনা করেই বিষয়টি মীমাংসা করার চেষ্টা চালিয়েছে প্রশাসন।"

ঘটনার বিবরণী থেকে জানা যায়, ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র নাঈমুর রেজা নামের ওই শিক্ষার্থী অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলে ডেকে আনেন। তবে নির্ধারিত কক্ষ খুঁজে না পেয়ে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের দরজায় করা নাড়লে কক্ষের আবাসিক শিক্ষার্থীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তার মোবাইল ফোনের কথোপকথন পরীক্ষা করে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় শিক্ষার্থীসহ ওই বহিরাগত ব্যক্তিকে আটক করে হল প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

হল সূত্রে জানা গেছে, আটক বহিরাগত ব্যক্তি ব্যানবেইসে কর্মরত এবং অর্থের বিনিময়ে বিভিন্ন সেবায় যুক্ত ছিলেন।

এ ঘটনার পর হলে বহিরাগতদের প্রবেশ রোধে পরিচয় যাচাই নিশ্চিতকরণসহ সার্বিক গেট ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানোর তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এআইএল/সকালবেলা