মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ণ
মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান সংলাপ অনুষ্ঠিত

রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমউদ্দিন এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এক ব্যতিক্রমধর্মী মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের সামনে নানা প্রশ্ন তুলে ধরে। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কৌতূহল মেটান এবং বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ ও সৃজনশীলতা চর্চার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞান অর্জন ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে হলে নতুন প্রজন্মকে উদ্ভাবনী ভাবনায় উদ্বুদ্ধ হতে হবে। দেশ ও জাতির সমৃদ্ধির স্বার্থে বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মণ্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টুসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ধরনের সংলাপ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, মহাকাশ নিয়ে আগ্রহ তৈরি এবং ভবিষ্যতের বড় স্বপ্ন দেখতে বিশেষভাবে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন