ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফের ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে রাজধানীবাসী
ঢাকার বৃহত্তর সাত কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা আবারও রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন।
শিক্ষার্থীরা রোববার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় সায়েন্স ল্যাব এলাকা থেকে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে সাতটি কলেজ ক্যাম্পাসে আরও পাঁচটি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে। এসব মঞ্চ থেকে শিক্ষার্থীরা দেশবরেণ্য রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা দেশবাসীর কাছে তুলে ধরবেন।
ভ্রাম্যমাণ মঞ্চটি ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সাত কলেজের প্রতিটি ক্যাম্পাসে পর্যায়ক্রমে ভ্রমণ করবে। এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ মঞ্চ ও ক্যাম্পাসভিত্তিক অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েতে অংশ নেবেন। যদি ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদিত হয় এবং তা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়, তবে সায়েন্সল্যাবের গণজমায়েত থেকে কৃতজ্ঞতা জানিয়ে বৃহৎ বিজয় মিছিল আয়োজন করা হবে। অন্যথায়, ওই গণজমায়েত থেকেই যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সব প্রক্রিয়া সম্পন্ন করে খসড়াটি পাঠিয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ, জনমত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হয়েছে।
খসড়াটি সকলের যৌক্তিক প্রত্যাশা প্রতিফলন এবং উত্থাপিত উদ্বেগ বিবেচনায় রেখে প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ ছিল মূল লক্ষ্য।
এছাড়া, অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় থাকায় জনদুর্ভোগ বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত বছরের ১২ নভেম্বর সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়েছে।
আই.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ