কুবি ভর্তি পরীক্ষা: কুমিল্লায় যানবাহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

কুবি ভর্তি পরীক্ষা: কুমিল্লায় যানবাহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চরম ভাড়া বিড়ম্বনার শিকার হয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্রসহ কোটবাড়ি সংলগ্ন বিভিন্ন উপকেন্দ্রগুলোতে যাতায়াতের ক্ষেত্রে সিএনজি ও অটোরিকশা চালকরা দ্বিগুণ থেকে তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কোটবাড়ি ও আশপাশের এলাকায় যাতায়াতে এই চরম ভোগান্তি দেখা যায়। ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে যে পথে ভাড়া ২০-৩০ টাকা, আজ সেই পথে ১০০ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছানোর তাড়াহুড়ো থাকায় বাধ্য হয়েই অনেককে এই চড়া ভাড়া গুনতে হয়েছে।

ঢাকা থেকে আসা পরীক্ষার্থী ইশিতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "কোটবাড়ি বিশ্বরোড থেকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল পর্যন্ত আসতে অটোরিকশা চালকরা জনপ্রতি ১০০ টাকা করে রাখছে। এটি পুরোপুরি জুলুম।"

মাঠপর্যায়ে তদারকি করতে আসা স্বেচ্ছাসেবক সংগঠন ‘গাওছিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর সদস্য মাইনুল ইসলাম জানান, "আমরা বেশ কয়েকজন চালককে ধরেছি যারা শিক্ষার্থীদের কাছ থেকে অস্বাভাবিক ভাড়া আদায় করছিল। আমরা চেষ্টা করেছি ভাড়া স্বাভাবিক রাখতে, কিন্তু চালকদের সিন্ডিকেটের কাছে ভর্তিচ্ছুরা অসহায় হয়ে পড়েছিলেন।"

ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে অনেক এলাকায় যানজটেরও সৃষ্টি হয়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি প্রত্যাশা করলেও তদারকি কম ছিল বলে জানান অভিভাবকরা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন