সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র পুনরায় চালু

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক: ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোত ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণার মাত্র একদিন পরই পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’। সোমবার (২২ জুন) উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় এবং সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কেন্দ্রটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সাদাপাথর এলাকা তলিয়ে যাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পর্যটকদের চলাচলের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারি বৃষ্টিপাতের ফলে নেমে আসা ঢলের তীব্রতায় পর্যটন এলাকার আশপাশের দোকানপাট তলিয়ে গিয়েছিল এবং পর্যটকদের জন্য এলাকাটি অত্যন্ত অনিরাপদ হয়ে পড়েছিল। তবে বর্তমানে পানি নেমে যাওয়ায় পর্যটকদের পুনরায় সেখানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানিয়েছেন, ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারতের উজানে বৃষ্টিপাত কমে আসায় সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে বন্যার শঙ্কা কিছুটা কাটলেও, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হতে চলেছে সাদাপাথর।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন