হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা
হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হজ পালন নিশ্চিত করতে সরকার অনুমোদিত চ্যানেলের বাইরে অন্য কোনো মাধ্যমে হজের অনুমতিপত্র না নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (৮ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ সতর্কবার্তা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেবল ‘হজ ভিসা’র মাধ্যমেই পবিত্র হজ পালন করা যাবে। অন্য কোনো ভিসা বা অননুমোদিত উপায়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা আইনত দণ্ডনীয়। সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, অনুমোদিত দাপ্তরিক চ্যানেলে অনুমতিপত্র গ্রহণ করলে হজযাত্রীরা পবিত্র স্থানসমূহে সকল ধরনের সেবা পাবেন এবং ভিড় নিয়ন্ত্রণসহ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
ভুয়া প্রলোভনে পড়ে অননুমোদিত মাধ্যমে ভিসা বা অনুমতিপত্র প্রক্রিয়াকরণ থেকে বিরত থাকার জন্য মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করেছে। এ ধরনের কার্যকলাপে লিপ্ত হলে হজযাত্রীরা সৌদি আরবে আইনি শাস্তির সম্মুখীন হতে পারেন অথবা তাদের ধর্মীয় আচার পালনে বাধা সৃষ্টি হতে পারে। একটি মসৃণ এবং নিরাপদ হজের অভিজ্ঞতার জন্য সরকারি ও নিবন্ধিত প্রাতিষ্ঠানিক মাধ্যমে সব প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।
জান্নাত/সকালবেলা