ইবরাহিম (আ.)-এর কৌশল অবলম্বন

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
ইবরাহিম (আ.)-এর কৌশল অবলম্বন

মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর মূর্তিপূজা বিরোধী এক অনন্য কৌশলের কথা উল্লেখ করেছেন। সুরা আম্বিয়ার ৫৭ নম্বর আয়াতে বলা হয়েছে আর আল্লাহর কসম, তোমরা চলে যাওয়ার পর আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই কৌশল অবলম্বন করব।"

আয়াতে বর্ণিত 'কায়েদ' (كَيد) শব্দের অর্থ হলো কোনো অসৎ উদ্দেশ্য বা মিথ্যা বিশ্বাসকে ভণ্ডুল করতে বুদ্ধিমত্তাপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা। ইবরাহিম (আ.) যখন তাঁর জাতিকে মূর্তিপূজা ছাড়তে বললেন, তারা কর্ণপাত করেনি। তখন তিনি মূর্তিদের অসহায়ত্ব প্রমাণ করার জন্য একটি কৌশলী পদক্ষেপ নেন। তিনি মেলায় যাওয়ার নাম করে 'অসুস্থতার' ওজর পেশ করেন এবং সবাই চলে গেলে প্রতিমাগুলো ভেঙে বড় মূর্তিটির কাঁধে কুঠার রেখে দেন।

একটি প্রশ্ন জাগে যে, ইবরাহিম (আ.) যদি প্রকাশ্যে এই কথা বলে থাকেন, তবে মূর্তিকাণ্ডের পর তারা তাঁকে খুঁজতে গেল কেন? তাফসিরবিদ আল্লামা মুজাহিদ ও কাতাদাহ (রহ.)-এর মতে, তিনি কথাটি মনে মনে বলেছিলেন অথবা সেখানে উপস্থিত দু-একজন দুর্বল ব্যক্তি তা শুনেছিল। পরে যখন তদন্ত শুরু হয়, তখন সেই তথ্য ফাঁস হয়ে যায় এবং সবাই ইবরাহিম (আ.)-এর দিকে আঙুল তোলে।

ইবরাহিম (আ.) সমাজের চরম বিরোধিতার মুখেও একমাত্র আল্লাহর ইবাদতের ওপর অটল ছিলেন।  সরাসরি সংঘর্ষের চেয়ে এমন কৌশল অবলম্বন করা শ্রেয় যা বিপক্ষ দলকে নিজের ভুল নিয়ে চিন্তা করতে বাধ্য করে।  সত্যের পথে চলতে অদম্য সাহসের প্রয়োজন। পুরো সমাজ ভুল পথে থাকলেও একাকী সত্যের ওপর দাঁড়িয়ে থাকা সম্ভব।  ইবরাহিম (আ.) প্রমাণ করেছেন যে, যারা নিজেদের রক্ষা করতে পারে না, তারা মানুষের ইবাদতের যোগ্য হতে পারে না।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন