নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত
ইসলামী জীবন ডেস্ক: হিজরি বা চান্দ্রমাস গণনায় নতুন চাঁদের গুরুত্ব অপরিসীম। ইসলামে নতুন চাঁদ দেখার পর একটি বিশেষ দোয়া পড়ার বিধান রয়েছে, যা স্বয়ং প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আমল করতেন। নতুন চাঁদ দেখে এই দোয়া পড়া মহানবী (সা.)-এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুন্নত। নবীজি (সা.) যখনই আকাশে নতুন চাঁদ দেখতেন, তখনই উম্মতের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেন।
হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটি পাঠ করতেন
আরবি: اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأমْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।’
অর্থ: ‘হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। এটি হেদায়াত ও কল্যাণের চাঁদ।’ (জামে তিরমিজি, হাদিস: ৩৪৫১)
ইসলামী চিন্তাবিদদের মতে, এই দোয়ার মাধ্যমে একজন মুমিন বান্দা নতুন মাসের শুরুতেই আল্লাহর কাছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির আবেদন জানায়। সেই সাথে চাঁদকে সম্বোধন করে নিজের ও চাঁদের সৃষ্টিকর্তা যে একমাত্র মহান আল্লাহ— সেই তাওহীদেরও ঘোষণা দেওয়া হয়। তাই প্রতি হিজরি মাসের শুরুতে নতুন চাঁদ দেখার পর নিজে এই সুন্নত দোয়াটি পড়া এবং পরিবারের অন্য সদস্যদেরও তা শেখানো উচিত।
|