৮২ হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী দিচ্ছে সরকার

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
৮২ হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের ৮২ হাজারের বেশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী ভাতা দিচ্ছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী এই কর্মসূচির আওতায় আসছেন।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। চলতি অর্থবছরে কর্মসূচিটি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। নির্ধারিত কাঠামো অনুযায়ী একজন মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের দায়িত্বশীল ব্যক্তিরাও সরকারি সহায়তা পাবেন।

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত ও গ্রামীণ জনপদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে দায়িত্ব পালন করেন। নিয়মিত সম্মানী প্রদানের মাধ্যমে তাঁদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে এর আওতায় আনা হয়েছিল, যাঁদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ও বাকিরা খাদেমসহ অন্যান্য সেবাকর্মী ছিলেন।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে সুবিধাভোগীদের ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে। সরাসরি নগদ অর্থ না দেওয়ায় মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং অনিয়মের ঝুঁকি কমবে বলে জানান ইসমাইল জবিউল্লাহ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সুবিধাভোগী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং এতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি বলে উপদেষ্টা উল্লেখ করেন।

বর্তমানে দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে—যার মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এর এক-চতুর্থাংশ প্রতিষ্ঠানকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে এবং বাকিগুলো আগামী চার অর্থবছরে যুক্ত করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে গঠিত বিশেষ সেলের অষ্টম সভা গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

এআইএল/সকালবেলা