আগামীকাল বায়তুল মোকাররমে জুমায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী
বিশেষ প্রতিনিধি: মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও উপমহাদেশের বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে ১১ দিনের দাওয়াতী ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন।
সফরের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পূর্বে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তিনি। সেখানে ইসলামী জীবনধারা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, আধুনিক জ্ঞানচর্চা ও উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে তাঁর বিশেষ বয়ান পেশ করার কথা রয়েছে।
বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কীনোট স্পিকার) হিসেবে বক্তব্য দেবেন। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক এই সেমিনারটি দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে এবং আলেম-উলামা ও গবেষকদের জন্য একটি কার্যকর জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
সফরসূচি অনুযায়ী, চট্টগ্রাম সফরকালে আল্লামা সাজ্জাদ নোমানী দেশের ঐতিহ্যবাহী দুটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান— আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী এবং আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন দ্বীনি সেমিনার ও দাওয়াহ ভিত্তিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমান উপমহাদেশের অন্যতম শীর্ষ শিক্ষাবিদ ও লেখক। তিনি ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ড’-এর কার্যকরী কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুম্বাইভিত্তিক ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’ এবং ‘জামিআ দারুল উলুম ইমামে রব্বানী’র পরিচালক হিসেবে দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন।
দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র আল্লামা সাজ্জাদ নোমানী আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী। সমসাময়িক বিশ্বপরিস্থিতি ও ইসলামি চিন্তাধারায় গভীর পাণ্ডিত্যের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি বিশেষভাবে সমাদৃত।
এআইএল/সকালবেলা
|