মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়ের করা হয়। মামলার পর একই দিনে আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় সে সময়ই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরবর্তীতে আজ রোববার আবারও তাঁর আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকেন। বারবার আদালতে অনুপস্থিত থাকার কারণেই সর্বশেষ আদালত তাঁর বিরুদ্ধে পত্রিকায় হুলিয়া বা গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি প্রকাশের এই নির্দেশ দিলেন।
এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল গণমাধ্যমকে বলেন, "আজ আমির হামজার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল, কিন্তু তিনি আসেননি। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তিনি পলাতক থাকায় সর্বশেষ আদালত আজ তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।"