এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের করা রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ সোমবার (৪ মে ২০২৬) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত জানান।

আদালত সূত্রে জানা গেছে, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল এবং রিটকারী মনিরা শারমিনের পৈত্রিক নিবাস একই সংসদীয় আসনে হওয়ায় ব্যক্তিগত নৈতিকতার কারণে তিনি এই শুনানি করতে অপারগতা প্রকাশ করেন।

আদালতে মনিরা শারমিনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আইনজীবীরা জানান, নিয়ম অনুযায়ী রিট আবেদনটি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। আগামীকাল মঙ্গলবার (৫ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন বেঞ্চে এটি শুনানির জন্য উপস্থাপিত হতে পারে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশনও (ইসি) তা বহাল রাখে। ইসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট করেছিলেন এই এনসিপি নেত্রী। আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও হাইকোর্টের এই মোড় পরিবর্তন মামলার গতিতে নতুন মাত্রা যোগ করল।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন