ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালীন যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এই সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে এই রিটে প্রশ্ন তোলা হয়েছে। আজ সোমবার (৪ মে ২০২৬) রিটকারী আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ গতকাল রবিবার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে প্রধানত তিনটি বিষয় চাওয়া হয়েছে: ১. অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সকল সিদ্ধান্তের বৈধতা যাচাই। ২. এসব কর্মকাণ্ড অনুসন্ধানে একটি বিশেষ কমিশন গঠন। ৩. সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা।

রিটে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জানিয়েছেন, আজ দুপুর একটায় ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে এই সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে একই আইনজীবী রিট করেছিলেন, যা হাইকোর্ট ও পরবর্তীতে আপিল বিভাগেও খারিজ হয়ে যায়। ২০২৪ সালের ৪ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছিলেন। এর আগে রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছিল যে, সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠন বৈধ।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। এখন নতুন করে সেই সরকারের কাজের বৈধতা নিয়ে আইনি লড়াই শুরু হলো।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন