নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৪ মে ২০২৬) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মায়ার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে:
অবৈধ সম্পদ: ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত ১ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
সন্দেহজনক লেনদেন: নিজ এবং ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে ৫১০ কোটি ৩৭ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যা হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।
মায়া একজন নিয়মিত আয়কর দাতা হওয়ায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন বলে জানায় দুদক। আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নথিপত্র জব্দের নির্দেশ দেন।
জান্নাত/সকালবেলা