কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজেস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে গত ৯ এপ্রিল এই আদেশ হওয়ার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে সময় পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। সবমিলিয়ে এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দুই দফা পেছাল।

গত ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শুনানিতে দাবি করেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ও মেনন বিভিন্ন উসকানি দিয়েছেন। তারা ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন এবং তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের ফলেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ তাদের বিরুদ্ধে তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী গত ১১ মার্চ কামরুল ও মেননের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করেন। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে মক্কেলদের সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রসিকিউশন দেখাতে পারেনি। আজ ট্রাইব্যুনালের আদেশের মাধ্যমেই নির্ধারিত হবে এই দুই নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হচ্ছে কি না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন