হাইকোর্টে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন।
এদিকে গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিল করায় সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন চেম্বার আদালত।
এর আগে গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
এর আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন। একই দিনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
আই.এ/সকালবেলা
|