ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কিশোরগঞ্জ প্রতিনিধি: ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পোল্ট্রি ফিড, ঔষধ ও ভ্যাকসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রান্তিক খামারিরা।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে 'বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন'-এর জেলা শাখা।
স্মারকলিপিতে খামারিরা উল্লেখ করেন, শিক্ষিত যুবকরা বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে এই শিল্পে বিনিয়োগ করেছেন। বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০ থেকে ৭৫ লক্ষ মানুষের জীবন-জীবিকা এই পোল্ট্রি খাতের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘ এক বছর ধরে ডিমের বাজারমূল্য নিম্নমুখী থাকায় প্রান্তিক খামারিরা আজ সর্বস্বান্ত হয়ে পড়েছেন। পুঁজি হারিয়ে অনেকে এখন ব্যাংক ঋণ ও এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে ভিটেমাটি ছাড়া হওয়ার ঝুঁকিতে আছেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার খামার পর্যায়ে প্রতিটি ডিমের মূল্য ১০ টাকা ৮০ পয়সা নির্ধারণ করে দিলেও আড়তদার ও সিন্ডিকেটের কারণে তারা মাত্র ৭ টাকা থেকে সাড়ে ৭ টাকায় ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, গুটিকয়েক বহুজাতিক কোম্পানি নিজেরাই ফিড, বাচ্চা ও বিপুল পরিমাণ ডিম উৎপাদন করে বাজার দখল করছে, যা সম্পূর্ণভাবে বিদ্যমান নীতিমালার পরিপন্থী। এসব কোম্পানির আগ্রাসনের কারণে সাধারণ খামারিরা আজ নিজ দেশে জিম্মি হয়ে পড়েছেন।
খামারিদের দাবিগুলো হলো— অবিলম্বে খাদ্যের দাম কমানো, বাচ্চার যৌক্তিক মূল্য নির্ধারণ এবং বহুজাতিক কোম্পানির অনৈতিক বাজার নিয়ন্ত্রণ বন্ধ করা। অন্যথায় এই বিশাল শিল্প ধ্বংস হলে দেশে চরম বেকারত্ব তৈরি হবে এবং আমিষের অভাবসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান ও সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন স্তরের কয়েকশ খামারি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ