কোনো অন্যায়কারী ছাড় পাবে না: সংস্কৃতিমন্ত্রী

কোনো অন্যায়কারী ছাড় পাবে না: সংস্কৃতিমন্ত্রী

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) কলেজ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।

আমিনুর রহমান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রীকে কলেজের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, "সরকার দেশে কোনো বৈষম্য রাখবে না। কৃষি কার্ড থেকে শুরু করে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড—সবই যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হবে, যাতে অসহায় মানুষ সুচিকিৎসার সুযোগ পায়। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। যদি নিজের দলের লোকও অন্যায় করে, তবে তাকেও আইনের আওতায় আনা হবে।" তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, কোনো অন্যায়কারী যেন রাজনৈতিক পরিচয়ে রেহাই না পায়।

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে এবং এই খাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।" আমিনুর রহমান কলেজ জাতীয়করণের দাবিকে নিজের দাবি হিসেবে উল্লেখ করে তিনি অচিরেই ডিও লেটার (আধা-সরকারি পত্র) প্রদানসহ কলেজের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এবং পরিচালনা পর্ষদের সদস্য মো. জিয়াউল হক বাচ্চু। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন