ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক বিলটি উত্থাপন করেন।
বিলের প্রধান বিধানগুলো হলো:
বিসিএস ও অন্যান্য চাকরি: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সকল ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর।
স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা: যেসব সংস্থায় নিয়োগের বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেখানেও এখন থেকে বয়সসীমা ৩২ বছর কার্যকর হবে।
অপরিবর্তিত উচ্চতর বয়সসীমা: যেসব বিশেষায়িত পদের নিয়োগ বিধিমালায় বয়সসীমা আগে থেকেই ৩২ বছরের বেশি (যেমন: ৩৫, ৪০ বা ৪৫ বছর) নির্ধারিত আছে, সেই ক্ষেত্রে আগের উচ্চতর বয়সসীমাটিই বহাল থাকবে। অর্থাৎ, এই আইনের ফলে কারও সুযোগ কমবে না।
প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনী: প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব বিদ্যমান বিধিমালা অপরিবর্তিত থাকবে।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ করে দিতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে এই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা দুটি অধ্যাদেশ রহিত করে সেগুলোকে স্থায়ী আইনি রূপ দিতেই এই নতুন বিলটি আনা হয়েছে।
বিলের বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, আগের অধ্যাদেশ জারির ফলে কিছু কারিগরি জটিলতা তৈরি হয়েছিল, যেখানে কিছু বিশেষায়িত পদে উচ্চতর বয়সসীমা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। বর্তমান বিলের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করে ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারণ করা পদগুলোর বিদ্যমান নিয়ম বহাল রাখা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ