ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাত্র সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সহিংস ঘটনায় দুই বৃদ্ধা নারী খুনের শিকার হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার ময়দানহাটা ইউনিয়নে এবং রবিবার সকালে মোকামতলা ইউনিয়নে এই মর্মান্তিক হত্যাকাণ্ডগুলো ঘটে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন শাহানাজ বেগম (৭০)। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার এবং মৃত আবদুল খালেকের স্ত্রী। নিহতের ভাতিজা সুজন জানান, বাড়িতে অপরিচিত লোক ঢোকার খবর পেয়ে তারা দ্রুত গিয়ে শাহানাজ বেগমকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকাল সাড়ে ৮টায় মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে মোমেনা বেগম (৬৮) নামে আরও এক নারী নিহত হন। তিনি ওই গ্রামের বাবু সরকারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, জাবারীপুর গ্রামের শেফালী বেগমের পরিবারের সঙ্গে তার ননদ জোলেখা ও বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। রবিবার সকালে দুই পক্ষের মারামারি থামাতে গেলে প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে মোমেনা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহানাজ বেগম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে নিবিড় তদন্ত চলছে। অন্যদিকে জাবারীপুরের ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
স্বল্প সময়ের ব্যবধানে দুটি খুনের ঘটনায় পুরো উপজেলায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ