ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ্বের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিমান একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। পরে আমরা হিসেব করে দেখলাম ক্ষতিগ্রস্ত কেন ছিল। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ হয়েছে।
মিল্লাত আরও বলেন, বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানো সম্ভব। যদি সকলের সদিচ্ছা থাকে তাহলে এটা সম্ভব এবং আমরা হিসাব করেও দেখেছি যে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব। আপনাদের হাতের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে ইনশাআল্লাহ। শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় মিল্লাত আরও বলেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতোমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলো বন্ধ করে দিয়েছে নানা কারণে। ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু এয়ারপোর্ট ছিল। এগুলোকে বন্ধ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এই বন্ধ বিমানবন্দরগুলোকে পুনরায় চালু করব আমরা। তারপর পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো এয়ারপোর্ট কোনো বিভাগে হয়, তাহলে ময়মনসিংহে হবে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি স্থবির হয়ে পড়ে বলে জানিয়ে সেই হত্যা মামলাটিতে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী মিল্লাত। এছাড়াও জেলার নানা সমস্যার সমাধান ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এম রশিদুজ্জামান মিল্লাত।
মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ