ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর শিববাড়ী রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির সামনে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ৫ আগস্টের পর থেকে এই কার্যালয়টি তালাবদ্ধ ছিল। তবে গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর কার্যালয়টি পুনরায় খোলার গুঞ্জন ওঠে এবং ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হয়। সর্বশেষ ২১শে ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সক্রিয়তার প্রতিবাদেই ছাত্র-জনতা আজ এই ভাঙচুর চালায়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত এবং তাদের বিচার চলছে। এর মাঝে তারা দলীয় কার্যালয় খুলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দুঃসাহস দেখিয়েছে। শহীদের রক্তের ওপর দিয়ে কোনোভাবেই তাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না। প্রয়োজনে এই কার্যালয় ভেঙে পাবলিক টয়লেট করা হবে।”
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই কার্যালয়টি অন্যের জমি জবরদখল করে নির্মাণ করা হয়েছিল এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান ছিল। এতদিন ক্ষমতার প্রভাবে তারা এটি দখল করে রেখেছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কার্যালয় ভাঙচুর করে সামনে আগুন দিয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ