নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৪ জন নিহত

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সঙ্গে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আজ সোমবার ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা অতর্কিতভাবে উজ্জ্বল শেখের লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে উজ্জ্বল শেখের অনুসারীরা সংঘটিত হয়ে পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত নড়াইল সদর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। বর্তমানে গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন