জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঘোড়াঘাটের রনি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঘোড়াঘাটের রনি

মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum)-এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের কৃতি সন্তান প্রকৌশলী রোকমুনুর জামান রনি। তাকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত রবিবার বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. এ কে এম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে সংগঠনটিকে একটি স্থায়ী ও শক্তিশালী সাংগঠনিক কাঠামোয় রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঠনতন্ত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। আইসিটি খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের কারণে প্রকৌশলী রোকমুনুর জামান রনিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়ভাবে তিনি একজন মেধাবী ও কর্মঠ তরুণ সংগঠক হিসেবে আগে থেকেই সুপরিচিত। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি এবং তরুণদের প্রযুক্তিমুখী প্রশিক্ষণে তার বিশেষ অবদান রয়েছে।

ঘোষিত এই কেন্দ্রীয় কমিটিতে প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি এবং রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃতি সন্তান রনির এই অর্জনে এলাকাবাসীর মধ্যে আনন্দের সাড়া পড়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, রোকমুনুর জামান রনির মতো তরুণ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম তথ্যপ্রযুক্তি খাতে দেশে ও বিদেশে গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হবে। এটি ঘোড়াঘাট উপজেলার জন্য একটি গৌরবের বিষয় বলেও তারা উল্লেখ করেন। সংগঠনের পক্ষ থেকে আগামীতে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন