ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহে প্রথমবারের মতো ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত ‘ওয়েডিং ফটোগ্রাফারস ক্রিকেট লীগ’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টটি আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্যামেরার পেছনের কারিগরদের নিয়ে এমন আয়োজন জেলায় এটিই প্রথম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। এতে খেলোয়াড় হিসেবে মাঠ মাতাবেন ৭২ জন পেশাদার ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইভেন্ট ম্যানেজমেন্টকর্মী। মূলত কাজের চাপের বাইরে পেশাদার যোদ্ধাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেই এই প্রতিযোগিতামূলক মিলনমেলার আয়োজন। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে খেলোয়াড় নিলাম (প্লেয়ার ড্রাফট), অফিসিয়াল মিউজিক ভিডিও, পোস্টার ও জার্সি উন্মোচন সম্পন্ন হয়েছে।
ট্রফি উন্মোচনকালে ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, "এটি কেবল একটি খেলা নয়, বরং ময়মনসিংহের ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কমিউনিটির জন্য একটি বড় মিলনমেলা। এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক পরিচয় ও বন্ধন আরও দৃঢ় হবে। তবে মাঠের লড়াইয়ে প্রতিযোগিতা থাকলেও সবাইকে শৃঙ্খলার পরিচয় দিতে হবে। আশা করছি এটি একটি স্মরণীয় আসর হবে।"
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই ক্রিকেট উৎসবকে ঘিরে জেলার সৃজনশীল কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ