যুক্তরাজ্যের বৈধ ভিসা, নিশ্চিত টিকেট এবং আনুষঙ্গিক সব কাগজপত্র থাকার পরেও বাংলাদেশ থেকে লন্ডনগামী যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হচ্ছে না। গত ৩০ জানুয়ারি থেকে সিলেট ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা অহরহ ঘটছে। স্টুডেন্ট ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা এমনকি যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত যাত্রীরাও চেক-ইন কাউন্টার থেকে ফেরত আসছেন। এতে একদিকে যাত্রীরা যেমন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তেমনি তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
বিমানবন্দর সংশ্লিষ্ট ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেক-ইন করার সময় এয়ারলাইন্সের সিস্টেমে ‘সিস্টেমেটিক এরর’ বা ‘যুক্তরাজ্য হোম অফিসের নিষেধাজ্ঞা’ দেখানো হচ্ছে। অথচ যাত্রীদের দাবি, তাদের ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পূর্ণ বৈধ।
সিলেটের যাত্রী শফিকুর রহমান জানান, তিনি এবং তার স্ত্রী একই ধরনের ভিসায় যুক্তরাজ্য যাচ্ছিলেন। গতকাল তাদের ফ্লাইট ছিল। কাউন্টারে তার স্ত্রীর বোর্ডিং পাস ইস্যু হলেও, কোনো কারণ ছাড়াই শফিকুর রহমানের বোর্ডিং পাস আটকে দেওয়া হয়। টিকেট ‘নন-রিফান্ডেবল’ হওয়ায় বাধ্য হয়ে স্ত্রীকে একাই যুক্তরাজ্যে পাঠিয়ে তিনি দেশে থেকে যান। এতে তার টিকেটের পুরো টাকা গচ্চা গেছে।
যুক্তরাজ্য প্রবাসী আরেক যাত্রী জানান, ম্যানচেস্টারগামী ফ্লাইটে ওঠার জন্য ৩০ জানুয়ারি তিনি বিমানবন্দরে যান। সেখানে সিস্টেম এরর দেখিয়ে তাকে আটকে দেওয়া হয়। অথচ তার পরিবারের অন্য সদস্যরা একই ফ্লাইটে যেতে পেরেছেন। ৩০ জানুয়ারি অন্তত ৭ থেকে ১০ জন যাত্রীকে একইভাবে ফ্লাইট থেকে ‘অফলোড’ করা হয়েছে এবং দিন দিন এই সংখ্যা বাড়ছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘এটা সিলেট বিমানবন্দর বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব কোনো সমস্যা নয়। বাংলাদেশি পাসপোর্টধারী অনেক যাত্রীর ক্ষেত্রেই সিস্টেমে সমস্যা হচ্ছে। চেক-ইনের সময় ব্রিটিশ হোম অফিসের সার্ভার থেকে ক্লিয়ারেন্স না আসায় তাদের বোর্ডিং পাস দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা যাত্রীদের ব্রিটিশ হোম অফিসে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।’
বিমানের একটি সূত্র জানায়, অনেক যাত্রীর ক্ষেত্রে ব্রিটিশ হোম অফিসের রেস্ট্রিকশন দেখানোয় বোর্ডিং পাস ইস্যু হয় না। ফলে বাধ্য হয়ে বিমান তাদের অফলোড করতে বাধ্য হচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, এই জটিলতার মূল কারণ যুক্তরাজ্যের ইমিগ্রেশন ব্যবস্থার ‘ডিজিটালাইজেশন’ বা ই-ভিসা প্রক্রিয়ায় রূপান্তর। যুক্তরাজ্য সরকার ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব ধরনের ফিজিক্যাল ভিসা ডকুমেন্ট বাতিল করে সম্পূর্ণ ডিজিটাল ‘ই-ভিসা’ চালু করার প্রক্রিয়ায় আছে। অনেক প্রবাসী তাদের বিআরপি থেকে ই-ভিসায় মাইগ্রেট করেছেন ঠিকই, কিন্তু নতুন বাংলাদেশি পাসপোর্টের তথ্য তাদের ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন (ইউকেভিআই) অ্যাকাউন্টে আপডেট করেননি। ফলে এয়ারলাইন্সের সিস্টেম যখন পাসপোর্টের তথ্য দিয়ে হোম অফিসের ডাটাবেসে নক করছে, তখন সেখানে ‘নো ভ্যালিড ভিসা’ বা এরর দেখাচ্ছে।
শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান ও নাইজেরিয়ার মতো দেশগুলো থেকেও যারা যুক্তরাজ্যে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা সম্প্রতি পাসপোর্ট নবায়ন করেছেন কিন্তু ইউকেভিআই সিস্টেমে তা আপডেট করেননি, তারাই সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হচ্ছেন।
এমন পরিস্থিতিতে ভোগান্তি এড়াতে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা ফ্লাইটের অন্তত ৪৮ ঘণ্টা আগে ইউকেভিআই অ্যাকাউন্ট চেক করা, বর্তমান পাসপোর্টের তথ্য লিংক করা এবং ইমিগ্রেশন স্ট্যাটাসের ‘শেয়ার কোড’ প্রিন্ট করে সাথে রাখার পরামর্শ দিয়েছেন।
আই.এ/সকালবেলা