নলিয়ান হয়ে মোংলার পথে প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
নলিয়ান হয়ে মোংলার পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেগা উন্নয়ন প্রকল্প ও বন্দর কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান হয়ে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিরাপদে অবতরণ করে। সেখান থেকে প্রধানমন্ত্রী হে হেঁটে নলিয়ান কোস্ট গার্ডের পন্টুনের দিকে এগিয়ে যান। পরবর্তীতে সকাল ১০টা ৪৮ মিনিটে কোস্ট গার্ডের পন্টুন থেকে নৌপথের জলযানে চড়ে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।

পন্টুনে যাওয়ার সময় নলিয়ান বাজার মোড়ে সকাল থেকেই অপেক্ষমাণ শত শত স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতাকে দেখে থেমে যান সরকারপ্রধান। এ সময় তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত অনেকের সঙ্গে করমর্দন করেন। প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর দেখতে ভোর থেকেই সেখানে বিপুল সমাগম ঘটেছিল।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী কর্মসূচিতে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম এবং প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) পরিদর্শন করবেন তিনি।

সকালবেলা / নুসরাত