জাতীয় গ্যাস গ্রিডে চালু হলো সামিট এফএসআরইউ-এর গ্যাস সরবরাহ

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
জাতীয় গ্যাস গ্রিডে চালু হলো সামিট এফএসআরইউ-এর গ্যাস সরবরাহ
সামিট এলএনজি টার্মিনাল ও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের চিত্র
জাতীয় ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১৪ আগস্ট, ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে এই ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট থেকে গ্যাস সঞ্চালন চালু করা হয়।সামিট গ্রুপের মুখপাত্র জানিয়েছেন, প্রথম ধাপে বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে এলএনজি পুর্নপ্রক্রিয়াজাত করে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। আগামীকালের (রবিবার) মধ্যরাতের মধ্যেই এই সরবরাহের পরিমাণ ধীরে ধীরে বাড়িয়ে পূর্ণ সক্ষমতা অর্থাৎ ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।সামিটের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, সামিট এফএসআরইউ থেকে জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ বাড়লে দেশের শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি বহুলাংশে মেটানো সম্ভব হবে। এটি সরাসরি দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাবে এবং জাতীয় জ্বালানি খাতের ওপর বিদ্যমান তীব্র চাপ লাঘব করবে।এদিকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান নিশ্চিত করেছেন যে, শুক্রবার সন্ধ্যা থেকেই সামিটের এফএসআরইউ সফলভাবে রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে।পেট্রোবাংলা প্রধান বলেন, "আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি এবং আশা করছি সময়ের সাথে সাথে গ্রিডে গ্যাসের চাপ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আগামী মধ্যরাতের মধ্যেই এটি সর্বোচ্চ ও পূর্ণমাত্রার সরবরাহে পৌঁছাবে।"তিনি আরও যোগ করেন, জাতীয় গ্রিডে গ্যাসের চাহিদা ও সর্বাত্মক সরবরাহ নিশ্চিত রাখতে সামিটের পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও নিরবচ্ছিন্নভাবে এলএনজি সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। দুটি ইউনিটই পূর্ণ শক্তিতে চালু হলে দেশজুড়ে চলমান গ্যাস সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মন্তব্য করুন